মা দিবসে গুগলের বিশেষ ডুডল
আজ মা দিবসে প্রতিটি মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের নাম্বার ওয়ান সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল। গুগলের অ্যানিমেশনকৃত বিশেষ এই ডুডলের মাধ্যমে শুধু মনুষ্য জগতের মা নয় বরং এতে ফুটে ওঠেছে মায়ের প্রতি সব প্রাণীর অকৃতিম ভালবাসা।
এর মাধ্যমে গুগুল সার্চ ইঞ্জিন মা দিবসকে শুধু মানুষের মধ্যে আবদ্ধ না রেখে প্রাণী জগতেও ছড়িয়ে দিতে চাইল। মা দিবস উপলক্ষে গুগলের ডুডলটিতে দেখা যায়, প্রথমে একটি মা হাঁস পরম মমতায় বাচ্চাকে তার পাখার নিচে আশ্রয় দিচ্ছেন। এর পর তাতে একটি সিংহ শাবক কাঁদতে দেখা যায়। শাবকের কান্না শুনে মুহুর্তেই এসে হাজির হয় সিংহী।
পর্যায়ক্রমে অ্যানিমেশনটি একটি মা খরগোশে রূপান্তরিত হলে চারটি বাচ্চা খরগোশ লাফিয়ে এসে মায়ের সঙ্গে খেলায় যোগ দেয়। সবশেষে অ্যানিমেশনে হাজির হয় একটি মানবশিশু ও মায়ের প্রতিকৃতি। দাঁড়িয়ে থাকা মায়ের দিকে ছুটে আসা শিশুটির হাতে ধরা একটি সূর্যমুখী ফুল। মায়ের কাছে এসে শিশুটি তাকে জড়িয়ে ধরে। মাও শিশুকে কোলে তুলে নিয়ে মমতার পরশ বুলিয়ে দেন।
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বের অধিকাংশ দেশে পালিত হয় মা দিবস। দিনটিতে পৃথিবীর প্রতিটি প্রান্তে মায়ের মমতা ও ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তবে বিশ্বের অনেক দেশে ভিন্ন দিনেও মা দিবস পালনের রেওয়াজ রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি
এসকেডি/আরআইপি