নতুন ইয়ারবাড কেনার সময় ৭ গোপন ফিচার দেখে নিন
বর্তমান সময়ে ইয়ারবাডস শুধু গান শোনার ডিভাইস নয়, বরং দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ প্রযুক্তি সঙ্গী হয়ে উঠেছে। অফিস মিটিং, অনলাইন ক্লাস, গেমিং, জিমে ব্যায়াম কিংবা ভ্রমণ প্রায় সব ক্ষেত্রেই এখন এর ব্যবহার দেখা যায়। বাজারে নানা দামের ও ফিচারের অসংখ্য মডেল থাকায় সঠিক ইয়ারবাডস বেছে নেওয়া অনেকের কাছেই কঠিন হয়ে পড়ে।
তাই নতুন ইয়ারবাডস কেনার আগে শুধু ব্র্যান্ড বা ডিজাইন দেখে সিদ্ধান্ত না নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি।
সাউন্ড কোয়ালিটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ
ইয়ারবাডস কেনার মূল উদ্দেশ্যই হলো ভালো অডিও অভিজ্ঞতা পাওয়া। তাই প্রথমেই সাউন্ড কোয়ালিটি যাচাই করা উচিত। ভালো ইয়ারবাডসে বেস, ট্রেবল ও ভোকালের মধ্যে ভারসাম্য থাকে। উচ্চ ভলিউমেও যেন শব্দ বিকৃত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। বিশেষ করে যারা গান শুনতে পছন্দ করেন, তাদের জন্য এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকলে সুবিধা বেশি
রাস্তাঘাট, বাস, ট্রেন বা ব্যস্ত পরিবেশে ব্যবহার করলে বাইরের শব্দ অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি বেশ কার্যকর। এই ফিচার আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে পরিষ্কার অডিও শুনতে সাহায্য করে।
ব্যাটারি ব্যাকআপ যেন দীর্ঘ হয়
ভালো ব্যাটারি লাইফ না থাকলে ইয়ারবাডস ব্যবহারের অভিজ্ঞতাও খারাপ হয়ে যেতে পারে। তাই এমন মডেল বেছে নেওয়া ভালো, যা একবার চার্জে অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা ব্যবহার করা যায়। চার্জিং কেসসহ মোট ব্যাকআপ ২০ ঘণ্টা বা তার বেশি হলে আরও সুবিধা পাওয়া যায়। ফাস্ট চার্জিং সুবিধা থাকলে অল্প সময় চার্জ দিয়েই কয়েক ঘণ্টা ব্যবহার করা সম্ভব।
ব্লুটুথ ভার্সন ও কানেকশন স্থিতিশীলতা
নতুন ব্লুটুথ ভার্সনের ইয়ারবাডস সাধারণত দ্রুত ও স্থিতিশীল কানেকশন দেয়। ব্লুটুথ ৫.২ বা তার বেশি ভার্সন থাকলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি কম থাকে এবং ব্যাটারিও কম খরচ হয়।
গেমিংয়ের জন্য লো লেটেন্সি গুরুত্বপূর্ণ
যারা মোবাইল গেম খেলেন, তাদের জন্য লো লেটেন্সি ফিচার অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এতে অডিও ও ভিডিওর মধ্যে দেরি কম হয়। ফলে গেম খেলার সময় আরও স্মুথ অভিজ্ঞতা পাওয়া যায়।
কলিংয়ের জন্য মাইক্রোফোনের মান দেখুন
অনেকে ইয়ারবাডস মূলত কল বা অনলাইন মিটিংয়ের জন্য ব্যবহার করেন। তাই শুধু স্পিকারের মান নয়, মাইক্রোফোনের পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ। এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন সমর্থিত মাইক থাকলে আশপাশে শব্দ থাকলেও আপনার কণ্ঠ পরিষ্কারভাবে শোনা যায়।
আরামদায়ক ডিজাইনও জরুরি
ইয়ারবাডস দীর্ঘ সময় ব্যবহার করলে কানে অস্বস্তি হওয়া উচিত নয়। তাই কেনার আগে এর ফিটিং ও ওজন কেমন, সেটিও খেয়াল করুন। ওয়াটার ও সোয়েট রেজিস্ট্যান্ট মডেল হলে ব্যায়াম বা বাইরে ব্যবহারে বাড়তি সুবিধা পাওয়া যায়। প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রে সচেতন সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের প্রয়োজন অনুযায়ী ফিচার বিচার করে ইয়ারবাডস কিনলে দীর্ঘদিন ভালো অভিজ্ঞতা পাওয়া সম্ভব।
কেএসকে