গরমে এসি ছাড়াও ঘরের যেসব ডিভাইস বিস্ফোরণ হতে পারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৩ মে ২০২৬
ছবি: এআই

গ্রীষ্ম এলেই শুধু মানুষই নয়, বিপাকে পড়ে ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতিও। বাইরে তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন অতিরিক্ত গরমে বিভিন্ন ডিভাইসের অভ্যন্তরীণ যন্ত্রাংশের ওপরও বাড়তি চাপ পড়ে। সামান্য অসতর্কতায় ঘটতে পারে শর্ট সার্কিট, ধোঁয়া বের হওয়া, এমনকি বিস্ফোরণের মতো দুর্ঘটনাও। অনেকেই শুধু এসিকেই ঝুঁকিপূর্ণ মনে করেন, কিন্তু বাস্তবে ঘরের আরও বেশ কয়েকটি ডিভাইস গরমে বিপজ্জনক হয়ে উঠতে পারে।

রেফ্রিজারেটর

গরমকালে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া যন্ত্রগুলোর মধ্যে ফ্রিজ অন্যতম। অনেক বাড়িতে জায়গার অভাবে ফ্রিজ দেয়ালের একেবারে সঙ্গে লাগিয়ে রাখা হয়। এতে কম্প্রেসরের তাপ বের হওয়ার পর্যাপ্ত সুযোগ থাকে না। ফলে ফ্রিজের ভেতর ঠান্ডা রাখতে কম্প্রেসরকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এবং সেটি দ্রুত গরম হয়ে যায়। দীর্ঘ সময় এমন চলতে থাকলে কম্প্রেসরে মারাত্মক চাপ তৈরি হতে পারে। যা থেকে বিস্ফোরণের ঘটনা ও ঘটতে পারে। নিরাপদ থাকতে ফ্রিজের পেছনে অন্তত কয়েক ইঞ্চি ফাঁকা জায়গা রাখুন। পাশাপাশি নিয়মিত পিছনের কয়েল পরিষ্কার করলে তাপ জমার ঝুঁকি কমে যায়।

স্মার্টফোন

বর্তমানে স্মার্টফোন ছাড়া দৈনন্দিন জীবন কল্পনা করা কঠিন। তবে অতিরিক্ত গরমে এই ডিভাইসও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বেশিরভাগ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়, যা উচ্চ তাপমাত্রার প্রতি অত্যন্ত সংবেদনশীল। রোদে ফোন ফেলে রাখা, চার্জে লাগিয়ে ভারী গেম খেলা বা বন্ধ গাড়ির ভেতরে ফোন রেখে দেওয়া ব্যাটারিকে দ্রুত ওভারহিট করে। এতে ব্যাটারি ফুলে যাওয়া, ধোঁয়া বের হওয়া বা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটতে পারে। তাই ফোন সবসময় ঠান্ডা স্থানে রাখুন এবং অরিজিনাল চার্জার ব্যবহার করুন।

পাওয়ার ব্যাংক

পাওয়ার ব্যাংকেও বড় আকারের ব্যাটারি থাকে, তাই গরমে এটিও ঝুঁকির বাইরে নয়। অনেকে ভ্রমণের সময় এটি গাড়ির ড্যাশবোর্ড, ব্যাগ বা ডিক্কিতে দীর্ঘ সময় রেখে দেন। কিন্তু অতিরিক্ত তাপে ব্যাটারির ভেতরে রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হতে পারে। বিশেষ করে নিম্নমানের বা নকল পাওয়ার ব্যাংকে শর্ট সার্কিটের ঝুঁকি বেশি থাকে। তাই দীর্ঘ সময় রোদে বা গরম জায়গায় পাওয়ার ব্যাংক না রাখাই নিরাপদ।

ইনভার্টার ব্যাটারি

গরমে লোডশেডিং বাড়লে ইনভার্টারের ব্যবহারও বেড়ে যায়। কিন্তু এর ব্যাটারি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। চার্জ ও ডিসচার্জের সময় ব্যাটারি থেকে বিভিন্ন গ্যাস নির্গত হয়। যদি ইনভার্টার বদ্ধ জায়গায় রাখা হয়, তাহলে সেই গ্যাস জমে বিস্ফোরণের ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে ইনভার্টার সবসময় খোলামেলা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা উচিত। পাশাপাশি ব্যাটারির পানির পরিমাণ ও টার্মিনালের অবস্থা নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।

ল্যাপটপ

অনেকেই টানা কয়েক ঘণ্টা ল্যাপটপ ব্যবহার করেন, বিশেষ করে গরমে এতে দ্রুত তাপ জমে যায়। বিছানা, বালিশ বা নরম কিছুর ওপর ল্যাপটপ রাখলে নিচের এয়ার ভেন্ট বন্ধ হয়ে যায়। ফলে ভেতরের গরম বাতাস বের হতে পারে না। এর কারণে প্রসেসর, ব্যাটারি কিংবা মাদারবোর্ড অতিরিক্ত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। কখনো কখনো ধোঁয়া বের হওয়া বা আগুন লাগার মতো ঘটনাও ঘটতে পারে। তাই সবসময় সমতল ও শক্ত জায়গায় ল্যাপটপ ব্যবহার করা নিরাপদ।

সতর্ক থাকাই সবচেয়ে বড় সুরক্ষা

গরমের সময় ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারে একটু সচেতন থাকলেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। নিয়মিত পরিষ্কার রাখা, ভালো মানের চার্জার ও যন্ত্রাংশ ব্যবহার করা এবং পর্যাপ্ত ভেন্টিলেশন নিশ্চিত করা খুবই জরুরি। মনে রাখবেন, অতিরিক্ত তাপ শুধু যন্ত্রের ক্ষতিই করে না, কখনো কখনো জীবনের জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।