লাইফস্টাইল অ্যাপ চালু করলো গ্রামীণফোন


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১২ মে ২০১৫

গ্রাহকদের জন্য লাইফস্টাইল অ্যাপ্লিকেশন ওয়াওবক্স চালু করেছে গ্রামীণফোন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন লাইফস্টাইল অফার এবং জনপ্রিয় আউটলেটের ডিসকাউন্ট সম্পর্কিত তথ্য পাবেন যা তাদের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলতে পারবে। মঙ্গলবার লাইফস্টাইল সংক্রান্ত এই অ্যাপ্লিকেশনটি চালু করে গ্রামীণফোন।

বাংলাদেশের গ্রাহকদের জন্য টেলিনর ডিজিটাল এর তৈরি করা ওয়াওবক্স শুধুমাত্র গ্রামীণফোন গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। ওয়াওবক্স অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ব্যবহারে সম্পূর্ণ ফ্রি। ফ্রি ডাটা লাভ সহ অন্যান্য সুবিধা লাভের জন্য ব্যবহারকারীদের শুধুমাত্র অ্যাপটি ইন্সটল করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত গ্রামীণফোনের হেড অফ প্রডাক্ট হাসিবুল হক বলেন, গ্রাহকদের জন্য এরকম একটি যুগোপযোগী লাইফস্টাইল অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমার বিশ্বাস, গ্রামীণফোনের যেসব গ্রাহকরা এই অ্যাপটি ব্যবহার করবেন তাদের জন্য এটি বেশ উপকারী হবে কারণ এর মাধ্যমে প্রাপ্ত বিশেষ সুবিধা তারা প্রাত্যহিক কাজে ব্যবহার করতে পারবেন। আর প্রতিদিনকার ব্যবহারের জন্য পুরস্কার পাওয়া যে কারোর জন্যই বিশেষ অর্জন।

গ্রামীণফোন গ্রাহকরা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে কোন ডাটা চার্জ দিতে হবে না। আর গ্রামীণফোনের বন্ধু গ্রাহকরা এই অ্যাপ্লিকেশন ব্যবহারে প্রতিদিন ২০ মেগাবাইট ফ্রি ডাটা প্যাক (সর্বমোট ১ গিগাবাইট পর্যন্ত) পাবেন।

ওয়াওবক্সের লাইফস্টাইল সুবিধার মধ্যে থাকছে প্রাত্যহিক আর্টিকেল, জনপ্রিয় হোটেল, রেস্টুরেন্ট ও ক্যাফের ডিসকাউন্ট, সিনেমা বা কনসার্টের টিকেট, প্রতিযোগিতা ইত্যাদি। তবে এই মূহুর্তে এই সুবিধাগুলো শুধুমাত্র বন্ধু ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য। তবে পরবর্তীতে গ্রামীণফোনের বাকি গ্রাহকদের জন্যও এই অফারগুলো প্রযোজ্য হবে।

জিপি বন্ধু গ্রাহকদের জন্য আরো একটি বিশেষ আকর্ষণ হচ্ছে তারা এই অ্যাপের মাধ্যমে ডাটা প্যাক, এসএমএস প্যাক কিংবা অন্য যেকোন কিছু কিনলেই পাচ্ছেন টোকেন। আর ওয়াওবক্স ব্যবহার করে জমাকৃত টোকেনের পরিবর্তে ফ্রি ডাটা প্যাক কিংবা প্যাকেজ আপগ্রেড করা সম্ভব।

গ্রামীণফোনের অন্যান্য গ্রাহকরা অফারগুলো না পেলেও তাদের জন্য থাকছে দৈনিক সংবাদ, রাশিচক্র, কৌতুক, প্রতিযোগিতা সহ রান্না, প্রযুক্তি, ফ্যাশন প্রভৃতির উপর ব্লগ।

গ্রামীণফোন গ্রাহকরা গুগল প্লে স্টোর থেকে ওয়াওবক্স ডাউনলোড করতে পারবেন। আর বিস্তারিত তথ্য জানতে পারবেন ওয়াওবক্স এর ফেসবুক ফ্যান পেজে।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।