চতুর্থ জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব শুরু ৩১ মে


প্রকাশিত: ০৬:১০ এএম, ১৪ মে ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপী জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব-২০১৫। আগামী ৩১ মে থেকে ১ জুন এ উৎসব অনুষ্ঠিত হবে। এটিই বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাম্পাস প্রযুক্তি উৎসব ।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির আয়োজনে এই অনুষ্ঠানে সহ-আয়োজক হিসেবে থাকছে আইসিটি মন্ত্রনালয়। দুই বছর ধারাবাহিকভাবে ‘ডিইউআইটিএস’ এ উৎসব পালন করে আসলেও গতবার প্রথমবারের মতো তাদের সঙ্গে যুক্ত হয়েছে সরকারের তথ্য-প্রযুক্তি বিভাগ। উৎসবে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘উন্নত শিক্ষায় চাই তথ্য-প্রযুক্তিনির্ভর ক্যাম্পাস’। এ উৎসবে অংশ নেবেন দেশের শীর্ষস্থানীয় প্রায় শতাধিক বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে ৩১শে মে উৎসবের উদ্বোধন করা হবে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি সিনেট ভবন থেকে টিএসসি অভিমুখে যাত্রা করবে।

টিএসসি চত্বরে আয়োজিত উৎসবের মূল পর্বে থাকছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অ্যাপস ডেভেলপমেন্ট, ব্রেইনস্ট্রোমিং, গেমিং ও কুইজ প্রতিযোগিতা, সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা, আউটসোর্সিং ও উদ্যোক্তা সম্মেলন, তথ্য-প্রযুক্তি নির্ভর বিতর্ক ও বিজনেস আইডিয়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন। এছাড়াও উৎসবে মিট দ্য পার্সোনালিটি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। উৎসবে মোট ২টি সেমিনার, ১টি কর্মশালা ও আলোচনা পর্ব থাকছে।

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে প্রায় তিন লাখ টাকা সমমূল্যের অর্থ পুরষ্কার এবং সার্টিফিকেট ও ক্রেস্ট।

বর্তমানে বিভিন্ন প্রতিযোগীতায় আংশগ্রহন করার জন্য রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। রেজিস্ট্রেশন চলবে ২৮শে মে, ২০১৫ পর্যন্ত। রেজিস্ট্রেশন ও যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করা যাবে www.duitsbd.org  এই ঠিকানায়।

এমএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।