ইউরোপে তদন্তের মুখে ফেসবুক
যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইউরোপে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে আসছে। সম্প্রতি ব্যবসায়িক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে অবৈধভাবে সুবিধা নেয়ায় গুগলকে অভিযুক্ত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবার একই ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে যাচ্ছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে হেয় প্রতিপন্ন করে ব্যবসায়িক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ফেসবুকসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান ইউরোপের নিয়ম ভাঙছে কিনা, তা খতিয়ে দেখছে ইউরোপীয় ইউনিয়নের একটি অংশ। খবর নিউইয়র্ক টাইমস।
জানা গেছে, কমপক্ষে পাঁচটি তথ্য সুরক্ষা পর্যবেক্ষক সংস্থা ফেসবুকের ‘প্রাইভেসি সেটিংস’ নিয়ে নেতিবাচক প্রশ্ন তুলেছে। ফেসবুক ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ডাটা স্থানান্তর বহাল রাখতে পারবে কিনা, এ বিষয়ে আগামী মাসে প্রাথমিক সিদ্ধান্ত নেবেন ইউরোপের শীর্ষ আদালত।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিগত এক দশকে ইউরোপে আইনি জটিলতার মুখে পড়তে হয়েছে মাইক্রোসফট, ইন্টেল এবং গুগলের মতো শীর্ষস্থানীয় বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানকে। এ বিষয়ে ব্রাসেলসভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার অন রেগুলেশন ইন ইউরোপের পরিচালক সেরাফিনো অ্যাবেট মন্তব্য করেন, ‘ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ প্লাটফর্মগুলো দ্রুত বৈশ্বিক শক্তিতে পরিণত হয় এবং ব্যবহারকারী বৃদ্ধির সঙ্গে দায়িত্বও বাড়তে থাকে।’
এ বিষয়ে ফেসবুকের ইউরোপ অঞ্চলের নীতিনির্ধারক দলের পরিচালক রিচার্ড অ্যালেন জানান, তারা ইইউর তদন্তের বিষয়ে ভীত নন। বর্তমান ইস্যু নিয়ে যথাযথ তদন্ত হবে এমনটাই আশা করেন তিনি।
এআরএস/এমএস