মোবাইল ডিভাইসের প্রতিপক্ষ নয় ডেস্কটপ
দিন দিন মোবাইল ডিভাইসের ব্যবহার বাড়লেও ডেস্কটপ কম্পিউটার ব্যবহার বাড়ছে না। এক্ষেত্রে মোবাইল ডিভাইসকে ডেস্কটপের জন্য হুমকি মনে করাটাই স্বাভাবিক। কিন্তু ডেস্কটপের জন্য মোবাইল ডিভাইসকে হুমকি কিংবা প্রতিপক্ষ ভাবার কোন কারণ নেই বলেই জানিয়েছে মার্কিন ইন্টারনেট ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠান কমস্কোর।খবর ওয়াল স্ট্রিট জার্নাল।
খবরে বলা হয়, গত দুই বছরে ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে তেমন কোনো পরিবর্তন আসেনি। দেখা যায়, যারা মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করছেন, তাদের অনেকেই ডেস্কটপেও ইন্টারনেট ব্যবহার করছেন। এ কারণে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মোবাইলকে ডেস্কটপের প্রতিপক্ষ হিসেবে মেনে নেয়ার পক্ষপাতী নয় ইন্টারনেট ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে চার্টবিটের প্রধান নির্বাহী কর্মকর্তা টনি হেইল জানান, মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহার ৫০ শতাংশ বেড়েছে। কিন্তু ডেস্কটপে ইন্টারনেটের ব্যবহার হার এখনো অনেক বেশি।
তার মতে, দিন থেকে রাত পর্যন্ত মোবাইল ডিভাইসই ইন্টারনেট ব্যবহারের অন্যতম মাধ্যম। কিন্তু ছুটির দিনগুলোয় ডেস্কটপেই ইন্টারনেট ব্যবহার হচ্ছে বেশি। মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের হার বাড়ছে এ কথা যেমন ঠিক, একইভাবে সামগ্রিকভাবে ইন্টারনেট ব্যবহারের হার বাড়ার ঘটনাও সত্য।
জেআর/এআরএস/এমএস