ইন্টারনেট ও মুঠোফোনের গ্রাহক বেড়েছে
বাংলাদেশে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারী ও মুঠোফোনের গ্রাহক সংখ্যা দুটোই বেড়েছে। এ সময়ে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ১২ কোটি ৪৭ লাখে দাঁড়িয়েছে। গত মার্চে এ সংখ্যা ছিল ১২ কোটি ৩৬ লাখ, অর্থাৎ এক মাসে মুঠোফোন গ্রাহক বেড়েছে ১১ লাখ।
একই সময়ে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১০ লাখ বেড়ে ৪ কোটি ৫৬ লাখে উঠেছে। গত মার্চে এ সংখ্যা ছিল ৪ কোটি ৪৬ লাখ ২৫ হাজার, অর্থাৎ এক মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় ১০ লাখ।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী এপ্রিলে দেশের বৃহত্তম মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহক তিন লাখ বেড়ে পাঁচ কোটি ২৩ লাখ হয়েছে।
একই সময়ে বাংলালিংকের গ্রাহক এক লাখ বেড়ে হয়েছে তিন কোটি ১৯ লাখ। এ সময়ে সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে রবির। এই অপারেটরের গ্রাহক ৪ লাখ বেড়ে এখন ২ কোটি ৬৬ লাখ।
এয়ারটেল বাংলাদেশের গ্রাহকসংখ্যা মার্চের চেয়ে ১ লাখ ৬৬ হাজার বেড়ে ৮৩ লাখ ৫১ হাজারে দাঁড়িয়েছে। রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহকসংখ্যা একই সময়ে ৫৫ হাজার বেড়ে ৪০ লাখ ৯৬ হাজার হয়েছে।
সিটিসেলের গ্রাহক ১২ লাখ ৪৬ হাজার থেকে ১৬ হাজার কমে ১২ লাখ ৩০ হাজার হয়েছে।
এসকেডি/বিএ/আরআই