অ্যাপল ওয়াচ ব্যবহারে জরিমানা!


প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০২ জুন ২০১৫

গাড়ি চালানোর সময় অ্যাপল ওয়াচ ব্যবহারের কারণে কানাডার জেফরি ম্যাকেজিন নামে এক ব্যক্তিকে দেশটির পুলিশ ১২০ কানাডিয়ান ডলার জরিমানা করেছে। তবে একে বিতর্কিত দাবি করে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ ব্যক্তি। খবর পিটিআই।

মোবাইল ডিভাইস বলতে যে শুধু স্মার্টফোন আর ট্যাবলেটকে বোঝায়, তা নয়। অর্থগত দিক দিয়ে পরিধেয় প্রযুক্তি পণ্যও মোবাইল ডিভাইসের মধ্যে পড়ে। এ কারণেই হয়তো ম্যাকেজিনকে এ জরিমানা গুনতে হয়েছে।

তিনি জানান, গাড়ি চালানোর সময় অ্যাপল ওয়াচ ব্যবহারের কারণে তাকে যখন পুলিশ জরিমানা করল, তখন তিনি অনেকটা অবাকই হয়েছেন। কারণ তার মতে এতে আইনের কোনো লঙ্ঘন হচ্ছে না। গাড়ি চালানোর সময় স্মার্টঘড়ির মতো ডিভাইস ব্যবহারে আইনি কোনো বাধ্যবাধকতা নেই বলেই ভেবেছিলেন তিনি। ম্যাকেজিন বলেন, ‘আমার স্মার্টফোনটি ব্যাগে ছিল। এর সঙ্গে যুক্ত অ্যাপল ওয়াচে আমি গান শুনছিলাম। গাড়ি চালানোর সময় আমি ঘড়িতে গান পরিবর্তন করছিলাম।’

কানাডার কুয়েবেকে এ ঘটনা ঘটে। কুয়েবেকের হাইওয়ে সেফটি কোড অনুযায়ী, ‘টেলিফোন ফাংশনসংবলিত হাতে বহনযোগ্য কোনো ডিভাইস গাড়ি চালানোর সময় ব্যবহার করা যাবে না।’ ম্যাকেজিনের দাবি, তিনি কোনো ফোন ব্যবহার হাতে বহন করছিলেন না। ‘এটা হাতে নিয়ে রাখার মতো কিছু নয়। ঘড়িটি আমি কব্জিতে পরেছিলাম। আমার মতে এতে সংশয় তৈরি হচ্ছে। তাই এ বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন।’

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।