কম্পিউটার ভিক্তিক গেম তৈরি করছে অ্যামাজন
ই-কমার্স প্রতিষ্ঠানের তালিকায় উপরের দিকেই রয়েছে অ্যামাজন। এখন তারা ভিন্ন সেবা সরবরাহের দিকে ঝুঁকছে। প্রথমবারের মতো কম্পিউটার ভিত্তিক গেম তৈরি করছে মার্কিন প্রতিষ্ঠানটি। এজন্য তারা একটি বিশেষ দলকে নিয়োগ দিয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। খবর বিজনেস ইনসাইডার।
ভিডিও গেম বাজারের উপরের দিকে উঠে আসার চেষ্টা অ্যামাজন অনেক আগে থেকেই করছে। এবার বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে কাজও শুরু করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পোর্টাল, ওয়্যার্ল্ড অব ওয়ারক্রাফট, বায়োশক, হাফ লাইফ টু, লেফট ফর ডেড, ডোটা টু, হালো, ইনফ্যামাস, ম্যাডোজ অব মরডর ও দি লাস্ট অব আজ গেমগুলো যারা তৈরি করেছে তাদের কয়েকজনকে এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে প্রযুক্তি কোম্পানিগুলোকে বহুমূখী সেবায় মনোনিবেশ করতে দেখা যাচ্ছে। মূলত বিভিন্ন খাত থেকে আয় সম্ভাবনার কথা মাথায় রেখেই এ প্রচেষ্টা নিচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় ই-কমার্স প্রতিষ্ঠান হয়েও ভিডিও গেম বাজারে আধিপত্য বিস্তারের চেষ্টা করে যাচ্ছে অ্যামাজন। এরই মধ্যে মোবাইল গেম বাজারে এনেছে মার্কিন প্রতিষ্ঠানটি। এদের অধিকাংশই অ্যামাজনের নিজস্ব ডিভাইসগুলোতে ব্যবহার করা যায়। তবে বিশেষ কিছু মোবাইল গেম রয়েছে যেগুলো আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসেও ব্যবহার করা যাচ্ছে।
তবে নতুন পিসিভিত্তিক গেমটির জন্য এ ধরনের সীমাবদ্ধতা রাখা হবে না বলেই মনে করা হচ্ছে। সব প্লাটফর্মের জন্যই গেমটি উন্মুক্ত থাকবে। ডেভেলপাররা মাল্টিপ্লেয়ার গেম নিয়ে কাজ করছেন বলেই মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
এআরএস/এমএস