সংখ্যার বদলে ইমোজি পাসওয়ার্ড


প্রকাশিত: ০২:৪৮ এএম, ১৬ জুন ২০১৫

অনলাইন ব্যাংকিং-এর জন্য চার অংকের পিনকোড আমরা অনেকেই ব্যবহার করি। কিন্তু ব্রিটেনে একটি কোম্পানি `ইমোজি` অর্থাৎ ইন্টারনেটে মানুষের মুখ, জীবজন্তু বা অন্য কোনোকিছুর যেসব ক্ষুদে ছবি ব্যবহৃত হয় -তা দিয়ে অভিনব পিনকোড (পাসওয়ার্ড) বানানোর সুবিধা চালু করেছে।

কারণ হিসেবে তারা বলছে, সংখ্যার চাইতে ছবি মনে রাখা অনেক সহজ। ইনটেলিজেন্ট এনভায়রনমেন্ট নামে এই প্রতিষ্ঠানটি আরো বলছে - সংখ্যা আছে ১০টি, শূন্য থেকে নয় পর্যন্ত। কিন্তু `ইমোজি` দেয়া হচ্ছে ৪৪টি -তাই এ থেকে পিন কোড বানানোর জন্য অনেক বেশি কম্বিনেশন তৈরি করা সম্ভব।

ইতোমধ্যে কিছু ডিজিটাল ব্যাংক তাদের কাছে এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বলেও দাবি তাদের।

ইনটেলিজেন্ট এনভায়রনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড ওয়েবার বলছেন, মূলত ১৫ থেকে ২৫ পর্যন্ত বয়সের ছেলেমেয়েদের কথা মাখায় রেখে তারা এই সিস্টেমটি গড়ে তুলেছেন। `এটা একটু অন্যরকমভাবে লগ-ইন করার একটা পদ্ধতি মাত্র। অনলাইনে আর্থিক সেবার ক্ষেত্রে একটু-আধটু মজা করা বা সৃষ্টিশীলতার সুযোগ থাকবে না - তা কি করে হয়?

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক এলান উডওয়ার্ড বলছিলেন, আমরা সাধারণত অক্ষর এবং সংখ্যা মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করার যে পদ্ধতি অনুসরণ করি, তার বিকল্প হিসেবে ইতিমধ্যেই কিছু প্রতিষ্ঠান ছবি বা নকশা ব্যবহার শুরু করেছে। -বিবিসি

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।