এআই প্রেমের ফাঁদে পা দিয়ে হারাতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৮ মে ২০২৬
এআই-এর সঙ্গে কথা বলার সময় আবেগের পাশাপাশি সচেতনতাও জরুরি

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অনেকের জীবনের গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে। একাকীত্ব কাটাতে, মনের কথা ভাগ করে নিতে কিংবা দিনের ছোটখাটো অনুভূতি প্রকাশ করতে অনেকে এখন নিয়মিত চ্যাটবটের সঙ্গে কথা বলছেন। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে গভীর রাতের ব্যক্তিগত আলাপ সবেতেই জায়গা করে নিচ্ছে এআই সঙ্গী।

তবে এই নির্ভরশীলতার সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার প্রতারকরা। আবেগকে হাতিয়ার বানিয়ে তারা তৈরি করছে ভুয়া এআই প্রোফাইল ও নকল চ্যাটবট। আর সেই ফাঁদে পা দিয়ে অজান্তেই অর্থ হারাচ্ছেন বহু মানুষ।

বিশেষজ্ঞদের মতে, প্রতারকরা প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণ করে ব্যবহারকারীর বিশ্বাস অর্জন করে। ধীরে ধীরে ব্যক্তিগত সম্পর্কের মতো আবেগ তৈরি করে। এরপর নানা অজুহাতে অর্থ সাহায্য, গিফট কার্ড, অনলাইন ট্রান্সফার বা ব্যক্তিগত তথ্য চাইতে শুরু করে। অনেকেই বুঝতেই পারেন না যে তারা আসলে একটি প্রতারণার জালে আটকে গেছেন।

সাধারণত আসল এআই নির্দিষ্ট প্রোগ্রাম অনুযায়ী কাজ করে। একই ধরনের প্রশ্নে প্রায় একই রকম উত্তর দেয়। কিন্তু ভুয়া বা প্রতারণামূলক চ্যাটবটের আচরণে অসঙ্গতি দেখা যায়। কখনো অতিরিক্ত আবেগপূর্ণ কথা বলা, কখনো দ্রুত ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়ার চেষ্টা এসবই বিপদের ইঙ্গিত হতে পারে।

বিশেষ করে যদি কোনো এআই সঙ্গী হঠাৎ অর্থ সাহায্য চায়, ব্যক্তিগত ব্যাংক তথ্য জানতে চায় বা অন্য কোনও কম নিরাপদ অ্যাপে কথোপকথন চালিয়ে যেতে বলে, তাহলে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়া উচিত। কারণ প্রতারকরা সাধারণত এমন প্ল্যাটফর্ম বেছে নেয় যেখানে নজরদারি কম থাকে।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আসল এআই কখনো ব্যক্তিগত লাভের জন্য চাপ সৃষ্টি করে না। যদি দেখেন কোনো চ্যাটবট আপনাকে আবেগ দিয়ে প্রভাবিত করে সিদ্ধান্ত নিতে বাধ্য করছে, তাহলে দ্রুত যোগাযোগ বন্ধ করাই নিরাপদ।

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই বাড়ছে ডিজিটাল প্রতারণার কৌশলও। তাই এআই-এর সঙ্গে কথা বলার সময় আবেগের পাশাপাশি সচেতনতাও জরুরি। মনে রাখবেন, ভার্চুয়াল সম্পর্ক যতই বাস্তব মনে হোক না কেন, ব্যক্তিগত তথ্য ও আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে সতর্ক থাকাই সবচেয়ে বড় সুরক্ষা।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।