নারীর ক্ষমতায়নে উন্নয়ন ও দক্ষতা শক্তিশালী উপকরণ : চুন্নু


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৭ জুন ২০১৫

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, নারীর ক্ষমতায়নে উন্নয়ন ও দক্ষতা একটি শক্তিশালী উপকরণ। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নারী আত্মনির্ভরশীল হলে দেশ আরো এগিয়ে যাবে।

শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে (বিসিসিআই)’ ন্যাশনাল ওয়ার্কশপ অন এনএআরআই : উইম্যান’স এমপাওয়ারমেন্ট: বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাষ্ট্রি কোলাবরেশন উইথ সিএসআর’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নারীকে প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, নারীর দক্ষতা ও উন্নয়ন মুদ্রার এ পিঠ-ওপিঠ। নারীরা তৈরি পোশাক শিল্পে অনন্য অবদান রেখে চলেছে। প্রশিক্ষিত দরিদ্র নারীরা দক্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের উন্নয়ন ঘটাতে পারে।

কর্মশালায় আলোচনা করেন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ এবং এনএআরআই টাস্ক টিমলিডার সাবাহ্ মঈন। কর্মশালায় বিশ্বব্যাংকের অধীনে নর্দান এরিয়াস রিডাকশন অব পোভার্টি ইনিশিয়েটিভ (এনএআরআই) প্রোজেক্টে উত্তরবঙ্গের দারিদ্র পীড়িত নারীদের পোশাক শিল্পে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের গ্রহণ করা প্রকল্পের উপর গুরুত্বারোপ করা হয়েছে। দুদিন ব্যাপী এ কর্মশালায় নারীর ক্ষমতায়নের সঙ্গে সংম্পৃক্ত বিদেশি ক্রেতা, এনজিও ও উন্নয়ন সহযোগী ৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বেপজা এবং বিশ্ব ব্যাংকের সিএসআর এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিপার, যুগ্ম সচিব মজিবুর রহমান, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ নূরুল ইসলাম।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।