রাজশাহীতে শিশু গৃহকর্মী নির্যাতন : গৃহকর্তা আটক


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ৩০ মার্চ ২০১৬

রাজশাহীতে পিঠা চুরি করে খাওয়ার অপরাধে ববিতা খাতুন (১১) নামের এক শিশু গৃহকর্মীকে মারধরের ঘটনা ঘটেছে।
 
বুধবার সন্ধ্যায় মহানগরীর বালিয়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় ওই শিশু গৃহকর্মীকে উদ্ধার করে শাহমখদুম ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। তবে নির্যাতনের ঘটনায় ওই বাড়ির গৃহকর্তা কাঁকন বেগমকে (৩০) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
 
স্থানীয়রা জানান, নওগাঁর সুলতানপুর এলাকার ফকির উদ্দীনের মেয়ে ববিতা খাতুন গত চার মাস আগে গৃহকর্মী হিসেবে ওই বাসায় কাজ শুরু করে। বুধবার সন্ধ্যায় পিঠা চুরি করে খাওয়ার অভিযোগ এনে শিশু গৃহকর্মী ববিতাকে ব্যাপক মারধর করে গৃহকর্তা কাঁকন বেগম। এতে তার শরীরের বেশ কিছু জায়গায় জখম হয়। পরে তার চিৎকারে এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহকর্মী ববিতাকে উদ্ধারসহ গৃহকর্তা কাঁকন বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। আটক কাঁকন বেগম ওই এলাকার মাসুম আলীর স্ত্রী।
 
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান জানান, এলাকাবাসীর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় গৃহকর্মী ববিতাকে উদ্ধার করে শাহমুখদুম ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করে। আর নির্যাতনের অভিযোগে গৃহকর্তা কাঁকন বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে নির্যাতনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

শাহরিয়ার অনতু/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।