ছাত্রদল সভাপতি

নারীদের ব্যাপারে জামায়াতের দৃষ্টিভঙ্গি আমিরের বক্তব্যে ফুটে উঠেছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, নারীদের বিষয়ে জামায়াতের যে দৃষ্টিভঙ্গি সেটা ৫ আগস্টের পর বারবার প্রতিফলিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের আমিরের বক্তব্যে এটা আবার প্রতিফলিত হয়েছে। তিনি যে ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন আমরা এর নিন্দা জানাচ্ছি।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াত ও তাদের সহযোগী সংগঠনগুলো যুগে যুগে নারীদের বিষয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এসেছে। সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসগুলোতে তাদের বক্তব্য ও কর্মকাণ্ড সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ‘জামায়াতের আমিরের দেওয়া ওই স্ট্যাটাসে নারীদের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বিশেষ করে কর্মজীবী নারীদের তিনি অবমাননাকর ভাষায় আখ্যায়িত করেছেন। বিষয়টি নিয়ে দেশ-বিদেশে তীব্র প্রতিবাদ শুরু হলে তিনি দাবি করেন, তার আইডি হ্যাক হয়েছিল।’

রাকিব বলেন, যদি সত্যিই আইডি হ্যাক হয়ে থাকে, তাহলে তিনি তাৎক্ষণিকভাবে নিজের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে পারতেন। তার কাছে সেই সুযোগ ও সক্ষমতা ছিল। কিন্তু জাতীয় পর্যায়ে প্রতিবাদের ঝড় ওঠার পর বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ।

তিনি আরও বলেন, আমরা এই কর্মসূচির মাধ্যমে তাকে নারীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে আহ্বান জানাচ্ছি। তিনি ক্ষমা না চাইলে ছাত্রদল আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, জামায়াতের আমির কিছুদিন আগে আল জাজিরাকে বলেছিলেন নারীরা কখনো দলের প্রধান হতে পারবে না। এর পরই তিনি নারীদের নিয়ে তাদের মনোভাব জানিয়ে টুইটারে পোস্ট করেন। তিনি পোস্ট করার কিছুক্ষণের মাথায় আবার এ পোস্ট ডিলিট করে দেন। তিনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন তার একটা ভার্সন হচ্ছে তার এ বক্তব্য।

নাসির বলেন, শফিকুর রহমানের আইডি হ্যাক হয়নি, তার মাথা হ্যাক হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সেটা তিনি ধারণ করেন বলেই এ বক্তব্য দিয়েছেন। এজন্য আমাদের অন্য ব্যাখ্যা দিয়ে বুঝানো হচ্ছে।

তিনি বলেন, ডা. শফিকুর রহমান এর আগে তিন বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন। কিন্তু তিনি সর্বসাকুল্যে ৪০ হাজার ভোটও পাননি। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ঢাকা-১৫ আসনে তাকে চতুর্থবারের মতো প্রতিহত করবে।

তিনি দেশবাসীর উদ্দেশ্য বলেন, ‘এই বক্তব্যের প্রতিবাদে আপনারা রাস্তায় নেমে আসুন। এই বক্তব্যের প্রতিবাদ এ দেশের জনগণ ব্যালটের মাধ্যমে দেবেন।’

এর আগে, দুপুরে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঢাবির মধুর ক্যান্টিনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। এসময় ছাত্রদল নেতাকর্মীদের ‘মা বোনদের সম্মান, দেশের শক্তি দেশের মান’, ‘৭১’র হানাদার যারা, নারীদের অপমান করছে তারা’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

এফএআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।