নারীদের নিয়ে জামায়াত আমিরের ‘মন্তব্যের’ প্রতিবাদ জবি ছাত্রদলের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিবাদ সমাবেশ করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা কর্মজীবী নারীদের নিয়ে করা ওই মন্তব্যকে ‘আপত্তিকর’ ও ‘নারীর জন্য মর্যাদাহানিকর’ বলে উল্লেখ করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নারী হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও হল শাখা ছাত্রদলের সভাপতি ফারজানা আক্তার টুম্পা বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে জামায়াতে ইসলামীর আমির নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানাই। কর্মজীবী নারীদের কাজকে পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা শুধু নারীদের অপমানই নয়, এটি তাদের মানবিক মর্যাদাকেও ক্ষুণ্ন করেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা বলেন, জামায়াতে ইসলামীর আমিরের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত লজ্জাজনক। কর্মজীবী নারীদের পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক থেকে শুরু করে লাখো গার্মেন্টসকর্মী নারী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা দেহব্যবসা করতে ঘর থেকে বের হন- এমন মানসিকতা নারীর প্রতি চরম অবমাননার শামিল।

খাদিজাতুল কুবরা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল একদিকে নারীদের নিজেদের প্রচারণায় ব্যবহার করে, অন্যদিকে তাদের অবমূল্যায়ন করে। তিনি এই ধরনের দ্বিচারিতা বন্ধের আহ্বান জানান এবং বলেন, দেশের নারী সমাজ আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।

প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।

টিএইচকিউ/এএমএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।