নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে হত্যা, জকসুর বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে বিক্ষোভ মিছিল/ছবি: জাগো নিউজ

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে অপহরণ করে হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আমার বোন কবরে, সরকার কী করে’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, পুলিশ প্রশাসন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিচ্ছে, মোরাল পুলিশিং করছে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও ধর্ষণের মতো ঘটনায় পুলিশকে পাওয়া যাচ্ছে না। সরকার-প্রশাসন এসব মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। এদেশে সবাই যাতে বাঁচতে পারে, সেই নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

জকসু সদস্য ও ইনকিলাব মঞ্চের নেত্রী শান্তা আক্তার বলেন, নরসিংদীর এই ধর্ষণ ও হত্যা দীর্ঘদিনের বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ। প্রত্যেক নাগরিকের দলীয় পরিচয় ব্যতিরেকে ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। তিনি প্রতিটি ঘটনার ন্যায়বিচার কমনা করেন।

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, ‘ধর্ষকের রাজনৈতিক পরিচয় নাই। ধর্ষককে শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ প্রশাসন ন্যায্য দাবি ও মজলুমের বিরুদ্ধে কাজ করেছে। তারা পোশাক পরিবর্তন করলেও চরিত্র পরিবর্তন করে নাই। আগে দেখতাম সামান্য বিষয় নিয়েও প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতে হতো। এখনো কেন সবকিছুর জন্য প্রধানমন্ত্রীর কাছে চাইতে হবে? এখন স্বাধীন বিচার বিভাগ কোথায়? আপনারা মসজিদ, মন্দিরসহ সবখানে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন।’

এসময় জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা এমন একটা দেশে বসবাস করি, যেখানে বারবার সরকার পরিবর্তন হয় কিন্তু দেশের কাঠামো পরিবর্তন হয় না। আমরা জুলাই অভ্যুত্থান করেছিলাম এমন একটা দেশে পেতে, যেখানে সবাই সমান বিচার পাবে। বিভিন্ন জায়গায় ধর্ষণ-খুন চলছে। আগস্ট-পরবর্তী সময়ে পাথর দিয়ে মানুষ হত্যা, রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারা হয়েছে। যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যা করা হয়েছে। কোনো বিচার হচ্ছে না। এমন চলতে থাকলে আমরা আবারও আইয়ামে জাহেলিয়াতে চলে যাব। প্রধানমন্ত্রীকে বলছি, আপনার নাম ভাঙিয়ে যেসব গুন্ডারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় আবারও এদেশের জনগণ রাস্তায় নেমে আসবে। আপনারা বহিষ্কার বহিষ্কার খেলছেন। বহিষ্কার কোনো দণ্ডবিধির শাস্তি হতে পারে না।’

শিক্ষার্থীদের উদ্দেশে জকসুর ভিপি আরও বলেন, ‘আমাকেও মেরে (ফেললে) দুদিন পর বুড়িগঙ্গায় লাশ পাওয়া যেতে পারে। এ হত্যার বিচার হবে কি না কেউ জানে না। হাদি ভাইয়ের মতো বলতে চাই, আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলবেন।’

উল্লেখ, নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

টিএইচকিউ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।