ধর্ষণে জড়িতের শাস্তির দাবিতে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নরসিংদীসহ সারা দেশে সংঘটিত ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ভয়েজ অফ স্টুডেন্ট’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ধর্ষকদের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, নরসিংদীতে ধর্ষণের ঘটনা ঘটেছে। এর আগেও দেশে এমন অনেক নৃশংস ঘটনা ঘটেছে। হায়েনার মতো মানুষ এসব কাজ করছে। আমরা এমন দেশে বাস করছি, যেখানে মা-বোনের নিরাপত্তা নেই। আইন ও বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

চাকসুর সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান বলেন, দেশে কয়েকদিনের মধ্যে সাতজন শিশু ধর্ষণের শিকার হয়েছে। মানুষ এমন পর্যায়ে নেমে গেছে যে শিশুদেরও ছাড় দিচ্ছে না। ধর্ষকের একটাই পরিচয় সে অমানুষ। ধর্ষককে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। শুধু লোক দেখানো গ্রেফতার নয়, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হব।

মোস্তাফিজুর রহমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।