ফেসবুক মন্তব্য নিয়ে রাকসু জিএস ও ছাত্র অধিকারের নেতার বাকবিতণ্ডা
ফেসবুক মন্তব্যকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময় ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
সোমবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাকসু ভবনে সাধারণ সম্পাদকের কার্যালয়ে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সভাপতি মেহেদী মারুফ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকসুর কার্যক্রমের সমালোচনা করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজেই বেশি মনোযোগী এবং পারদর্শী।’ ওই পোস্টের মন্তব্যে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার লেখেন, ‘চুলকানি শুরু মলমের নাম নুরু’। এই মন্তব্যকে কেন্দ্র করেই মূলত উত্তেজনার সৃষ্টি হয়।
এ ঘটনায় সোমবার দুপুরে মেহেদী মারুফের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের একদল নেতাকর্মী রাকসু কার্যালয়ে গিয়ে এ বিষয়ে কৈফিয়ত চাইলে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে কথা-কাটাকাটি চলে।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, একজন নির্বাচিত জিএস হিসেবে তিনি প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং সাধারণ শিক্ষার্থীদের গালি দিয়েছেন। আমরা মনে করি, এটি তার নৈতিক স্খলন। আমরা এর প্রতিকারের জন্য রাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিবের কাছে যাব।
তবে বিষয়টিকে মিডিয়া অ্যাটেনশন নেওয়ার চেষ্টা হিসেবে অভিহিত করে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, একটি মন্তব্যকে টেনে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। যখন সবাই রাজনীতির মাঠে নীরব, তখন তারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এটি অনেকটা ‘টাচ করবিনা পলিটিক্স’-এর মতো হয়ে গেছে।
মনির হোসেন মাহিন/কেএইচকে/এএসএম