গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭৬ শতাংশ
গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১ লাখ ২৫ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা মোট আবেদনকারীর ৭৫.৭৬ শতাংশ।
অন্যদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১১ হাজার ১৮৬ জন ভর্তিচ্ছু। এরমধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৭৭৯ জন, যা উপস্থিতির হার ৭৮.৪৯ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৯৫টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া, একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়, এবারে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭ হাজার ৮৮০টি আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেন।
ইবি কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ইবি কেন্দ্রের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী প্রফেসর ড. মো. আসাদুজ্জামান।
উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিট (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইরফান উল্লাহ/কেএইচকে/এএসএম