আট দিনের সফরে পাকিস্তান গেলেন রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম আট দিনের সরকারি সফরে পাকিস্তান গেছেন। পাকিস্তান সরকারের আমন্ত্রণে উচ্চশিক্ষা বিষয়ক ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি এ সফর করছেন।
শুক্রবার (১৫ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সফরকালে প্রতিনিধিদলটি পাকিস্তানের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা পরিদর্শন করবে। একই সঙ্গে পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের (HEC) কার্যক্রম, উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং অ্যাকাডেমিক বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করবেন। এ সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে।
সফর সম্পর্কে অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, বিশ্বায়নের এ যুগে উচ্চশিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে আন্তর্দেশীয় সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পাকিস্তানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রশাসনিক কাঠামো এবং উচ্চশিক্ষা কমিশনের ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি আমাদের সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
উপাচার্য আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে উচ্চশিক্ষায় প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণায় আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং জ্ঞান বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের সফর বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, পাকিস্তান সরকারের আমন্ত্রণে আয়োজিত এ সফরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সফর শেষে প্রতিনিধিদল আগামী সপ্তাহে দেশে ফিরবেন।
কেএইচকে/এমএস