পবিপ্রবিতে হামলা

চলছে কর্মবিরতি, বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৪ মে ২০২৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে দুমকি থানায় মামলাটি করেন।

পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়াকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে গ্রেফতার করা হয়। তিনি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামের জাফর হাওলাদারের ছেলে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেফতারে বিশেষ টিম গঠন করা হয়। অভিযানের অংশ হিসেবে গতকাল রাতেই গোলাম কিবরিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

চলছে কর্মবিরতি, বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এদিকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ ও আন্দোলনকারীদের ওপর হামলার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা উপাচার্যের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীরা জানান, তাদের ওপর হামলার বিচার এবং উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনারও দাবি জানান।

এর আগে, গত সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। কর্মসূচি চলাকালে সকাল সাড়ে ৯টার দিকে যুবদল নেতা রিপন শরীফের নেতৃত্বে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এতে ৩০ জন কর্মকর্তা-কর্মচারী আহত হন।

মাহমুদ হাসান রায়হান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।