বাকৃবিতে খোলা হবে মেরিন ফিশারিজ সাইন্স বিভাগ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিষ্ঠিত হতে যাচ্ছে হাওড় কৃষি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের অধীনে দেশের কক্সবাজারে সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান মাঠ গবেষণা ও শিক্ষা কেন্দ্র। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদে ‘মেরিন ফিশারিজ সাইন্স’ বিষয়ে একটি আলাদা নতুন বিভাগ খোলা হবে খুব শিগগিরই।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান।
জানা গেছে, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মো. রফিকুল হক সিন্ডিকেট অধিবেশনে সিন্ডিকেট সদস্যদের উপস্থিতিতে এ অনুমোদন দেয়।
সিদ্ধান্তে বলা হয়, ইনস্টিটিউটটি প্রতিষ্ঠার ফলে খামার ব্যবস্থা কোর্স চালু হবে যাতে হাওড় কৃষি সম্বন্ধে সম্যক ধারণা দেওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং হাওড়ে বহুমূখী খাদ্য উৎপাদন ব্যবহার ও পুষ্টি উন্নয়ন দ্বারা পারিবারিক খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়তা করার সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদে ‘মেরিন ফিশারিজ সাইন্স’ বিষয়ে একটি আলাদা নতুন বিভাগ খোলাসহ শিগগিরই বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের অধীনে ‘সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান মাঠ গবেষণা ও শিক্ষা কেন্দ্র’ স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সিন্ডিকেট এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০ জন শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি প্রদান অনুমোদন করে।
এমএএস/পিআর