নারী শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করলো রুয়েট
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন নারী শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। এর ফলে এবারই প্রথম নারী শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ আবাসিকতার মাইলফলক স্পর্শ করলো প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট ২৭০ জন ছাত্রী ভর্তি হলেও আবাসনের জন্য আবেদন করেছিলেন ২১০ জন। আবেদনকারী এই ২১০ জন শিক্ষার্থীর প্রত্যেককেই হলের সিট বরাদ্দ দেওয়া হয়েছে। রুয়েটের ওয়েবসাইট অনুযায়ী, ফিমেল হল–১ এ ৬০ জন এবং ফিমেল হল–২ এ ১৫০ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। আগামী ৯ মে ওরিয়েন্টেশনের আগের দিনই আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সিট বুঝিয়ে দেওয়া হবে।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়, নতুন হলগুলোর কাজ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ৯ মাস আগেই সেগুলো হস্তান্তরের উপযোগী করা হয়েছে। ছাত্রীদের নিরাপত্তা ও আধুনিক সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে হলের ভেতরেই জিমনেসিয়াম, ভেন্ডিং মেশিন, অটো ওয়াশিং মেশিন এবং চা-কফি মেশিনের মতো সুবিধা চালু করা হচ্ছে।
মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ মে’র মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও হলের আবেদনপত্র জমা দিতে হবে, এরপর লটারির মাধ্যমে তাদের কক্ষ বরাদ্দ দেওয়া হবে। আবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও তালিকা রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসনের আওতায় আনার পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়কে আবাসিক করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের আগেই আবাসন সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, যা বর্তমান প্রশাসনের সদিচ্ছা ও পরিকল্পিত উদ্যোগের প্রতিফলন। ভবিষ্যতে সকল শিক্ষার্থীর সার্বিক কল্যাণে কাজ করে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।
প্রসঙ্গত, আবাসন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও মনোনীত তালিকা রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মনির হোসেন মাহিন/কেএইচকে/এমএস