উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন সোমবার


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৫ম সমাবর্তন আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।দুপুর আড়াইটায় সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কমনওয়েলথ অব লার্নিং (কানাডা)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আশা কানওয়ার। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের ছয়টি স্কুলের পাঁচ হাজার ১২ জন নিবন্ধিত গ্র্যাজুয়েট ৫ম সমাবর্তনে অংশ নেবেন।

bou

ইতিমধ্যে সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে গাজীপুর ক্যাম্পাস নয়নাভিরাম সাজে সজ্জিত হয়েছে। তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল। সাত হাজার জনের বসার ব্যবস্থা করা হয়েছে। নিবন্ধিত গ্র্যাজুয়েটগণ শনিবার থেকে সমাবর্তন প্রাঙ্গণে হাজির হচ্ছেন। গাউন পরিধান করে ফটোসেশনে মেতে উঠছেন। নিজের ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে স্মৃতিময় শিক্ষা জীবন নিয়ে কথা বলছেন।

আলোকসজ্জায় রাতের ক্যাম্পাস ঝলমল হয়ে উঠেছে। সুদৃশ্য প্রধান গেইটে বর্ণিল সজ্জায় উদ্ভাসিত। অনুষ্ঠানে সারা দেশ থেকে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ,এমবিএ, বিবিএ, এম.এড বি.এড, বিএ/বিএসএস, বিএজিএড, বিবিএস প্রোগ্রামের উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কার্যালয় থেকে সমাবর্তনে অনেকেই অংশ নিচ্ছেন। ইতিপূর্বে এ বিশ্ববিদ্যালয়ে ৪টি সমাবর্তন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ৪র্থ সমাবর্তন গত বছর ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ জানায়, ৫ম সমাবর্তনে অংশগ্রহণকারীদের জন্য সোমবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে গাজীপুরের সমাবর্তন স্থলে যাওয়ার জন্য ২৮টি দ্বিতল বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।