ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাচ্যকলা বিভাগ এবং ওরিয়েন্টাল স্টাডি গ্রুপের উদ্যোগে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে এক সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবুল বারক আলভীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এবং মাহিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ বিশেষ অতিথি ছিলেন। প্রাচ্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং ওরিয়েন্টাল পেন্টিং স্টাডি গ্রুপের কনভেনর ও কিউরেটর ড. মলয় বালা এ প্রদর্শনীর মুখ্য আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রদর্শনীটি আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেছে মাহিন গ্রুপ।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তার বক্তৃতায় এমন সময়োপযোগী একটি প্রদর্শনী আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ১৭ মার্চ বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর জন্মদিনে প্রাচ্য চিত্রকলার এ প্রদর্শনী ভিন্ন মাত্রা যোগ করেছে। এর মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শিত হয়েছে শিল্পীর তুলি ছোঁয়ায়, যা অত্যন্ত প্রশংসনীয়।
প্রাচ্য চিত্রকলার বিকাশে মাহিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ৫ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণায় উপাচার্য তাকে ধন্যবাদ জানান। একটি ট্রাস্ট ফান্ড গঠনের মাধ্যমে প্রাচ্য চিত্রকলার বিকাশে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শিক্ষামূলক সেমিনার এবং কর্মশালা আয়োজনের মাধ্যমে এ অর্থ ব্যয় করা হবে বলে উল্লেখ করেন উপাচার্য।
আরএস/আরআই