কখনো ভয় পেতেন না দেবদাস
‘জীবিত শহীদ বুদ্ধিজীবী’ নামে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক অধ্যাপক মজিবর রহমান দেবদাস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অধ্যাপক সনৎকুমার সাহা বলেন, দেবদাস কখনো ভয় পেতেন না। মানুষ যে কতোটা আদর্শবান হতে পারে তাকে না দেখলে বোঝা যায় না। তিনি তার সাহসী জীবন সর্ম্পকে বলেন, তৎকালীন পাকিস্তানী হানাদার বাহিনী তার উপর যতো অত্যাচার করেছে, আমরা ভাবছিলাম তিনি আর ফিরে আসবেন না। কিন্তু তিনি এতো অত্যাচারের পরও নিজের আদর্শের জায়গা থেকে পিছপা হননি।বুধবার বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে দেবদাসের জীবনী নিয়ে নির্মিত ৩৫ মিনিটের তথ্যচিত্র ‘কান পেতে রই’ এর প্রদর্শনী অনুষ্ঠানে অধ্যাপক সনৎ কুমার সাহা এসব কথা বলেন।
এসময় ফলিত গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল হকের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক নিশীথ কুমার পাল, অধ্যাপক মজিবর রহমান দেবদাসের ভাতিজী দিলরুবা খানম, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান প্রমুখ। অধ্যাপক দেবদাস ২০১৫ সালে মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে একুশে পদক পুরস্কার লাভ করেন।
অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক মজিবর রহমান দেবদাসের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন আইন বিভাগের শিক্ষার্থী মেহজাবীন বুসরা। আলোচনা অনুষ্ঠানের শেষে তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। এসময় ফলিত গণিত বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‘জীবিত শহীদ বুদ্ধিজীবি’ নামে পরিচিত রাবির ফলিত গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মজিবর রহমান দেবদাস বর্তমানে জয়পুরহাট জেলার নিজ গ্রামে বসবাস করছেন।
এসএইচএ/পিআর