যবিপ্রবি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

উৎসব আয়োজনে বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। যবিপ্রবি ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, পিঠা উৎসব, কেক কাটা ও আলোচনা সভা।  

দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। বুধবার বেলা ১১টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে উৎসব আয়োজনের পর্দা ওঠে।

শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণের পর বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ড. মসিউর রহমান। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসবের স্টল ঘুরে দেখেন।

স্টল পরিদর্শনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে যবিপ্রবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজ্ঞানভিত্তিক দেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান ছাড়া সম্ভব নয়। এ জন্য বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করতে হবে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, ট্রেজারার অধ্যাপক আবুল হোসেন, যবিপ্রবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম শামীম হাসান প্রমুখ।

এদিকে বিশ্ববিদ্যালয় দিবসে ক্যাম্পাসে ২০টি স্টলে হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন শিক্ষার্থীরা। পিঠা-পুলির মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসজুড়ে। পিঠার স্বাদ নিতে স্টলে স্টলে ঢু মারেন অতিথি শিক্ষক-শিক্ষার্থীরা। পছন্দ মত পিঠা-পুলির স্বাদ নিয়েছেন তারা। বাহারী সব পিঠা খেয়ে মুগ্ধ সবাই।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।