জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্বব্যাংক প্রতিনিধি দলের কর্মশালা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান ও ব্যবস্থাপনা সংক্রান্ত সার্বিক উন্নয়ন বিষয়ে ঢাকাস্থ বিশ্বব্যাংক প্রতিনিধি দল ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এতে সভাপতিত্ব করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৬টি আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম, তথ্য প্রযুক্তির প্রয়োগ, কলেজসমূহের প্রত্যেকটিতে একটি করে ভার্চুয়াল শ্রেণিকক্ষ প্রতিষ্ঠা, কারিকুলাম উন্নয়ন পরীক্ষার হল নির্মাণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সুনির্দিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করার লক্ষ্যে শীঘ্রই একটি কর্মপরিকল্পনা গ্রহণ করার কথা ঘোষণা করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যলয়ের পক্ষে কর্মশালায় অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ প্রফেসার নোমান উর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগগুলোর সভাপতি, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়নসহ বিভিন্ন অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্বব্যাংক প্রতিনিধিদলের মধ্যে ইয়োকো নাগাসিমা, মো. মোকলেছুর রহমান, আসাহাবুর রহমান, হেনা মুখার্জী, তাসমিনা রহমান, সিরো নাকাতা, মোস্তাফিজুর রহমান, জোহরা উম্মে হাসান উপস্থিত ছিলেন ।
এসএইচএ/পিআর