সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, কর্মসূচি বর্জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনুষ্ঠানের আয়োজক কর্তৃক দুর্ব্যবহারের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে ক্যাম্পাস সাংবাদিকরা অনুষ্ঠান বর্জন করেন।
জানা গেছে, রোববার থেকে শুরু হওয়া ঢাবি ও ভারতের মাওলানা আবুল কালম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের (এমএকেএআইএএস) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমারের সম্পৃক্ততা’ র্শীষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের শেষ দিন কর্মসূচি কাভার করতে গেলে কয়েকজন সাংবাদিককে অনুষ্ঠানস্থলে প্রবেশে বাধা দেয় দায়িত্বরত স্বেচ্ছাসেবক সমন্বয়ক। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের কথা উল্লেখ করলে ওই স্বেচ্ছাসেবক তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান।
কিন্তু অনুষ্ঠান সমন্বয়ক অধ্যাপক মেজবাহ কামালের স্বাক্ষর সম্বলিত আমন্ত্রণপত্রসহ কয়েক দফায় মোবাইল ফোনে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অনুষ্ঠান সমন্বয়ক অধ্যাপক মেজবাহ কামাল সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এমএইচ/বিএ/আরআই