উৎসব মুখর পরিবেশে ঢাবিতে বর্ষবরণ
এসো হে বৈশাখ এসো এসো/তাপস নিঃশ্বাস বায়ে/মুমূর্ষুরে দাও উড়ায়ে/বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমিয় গানটি যেন এখনো চারদিকে বাজছে। পুরাতন বছরের গ্লানিকে মুছে ফেলে নতুন বছরকে গ্রহণ করছে সকলে আনন্দ, উচ্ছ্বাস আর ভালবাসার চিত্তে।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই দিনটিকে কেন্দ্র করে সারাদেশে চলছে নানান আয়োজন। তারই অংশ হিসেবে সাংস্কৃতির বলয় কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করে অন্যরকম এক আবহ। এ উৎসবের অন্যতম একটি অংশ মঙ্গল শোভাযাত্রা। ইতোমধ্যে শেষ হয়েছে সেই শোভাযাত্রা।
অন্যদিকে তরুণ-তরুণী লাল-নীল পাঞ্জাবি আর বাহারী রঙয়ের শাড়িসহ নানা রঙয়ের সাজে সজ্জিত হয়ে নারীরা পুরো ক্যাম্পাসকে মাতিয়ে রাখেন। সারাদিন ক্যাম্পাসের এ পাশ থেকে ওপাশে নিজেদের চষে বেড়িয়েছেন তারা। যেখানে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় থাকে পুরো রাজধানী শহরের বিভিন্ন শ্রেণী পেশার লোক। শিশু-কিশোর, নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতাসহ সকলের কাছে থাকে ফুল।
ফুল সৌন্দর্যের প্রতীক। আর সেই ফুলই হয়ে উঠেছে সকলের আনন্দ ভাগাভাগির অন্যতম মাধ্যম। মনে হয় ফুল ছাড়া বৈশাখ উদ্যাপন হয় না। তরুণীরাই এই দিকে এগিয়ে। এদের সৌন্দর্যের অন্যতম একটি অংশ মাথার ফুলের খোপা। এটি ছাড়া নারীর সাজ যেন পূর্ণতা পায় না। এছাড়া বৈশাখে ঘর সাজাতে এবং নববর্ষের উপহার হিসেবে ফুলের জুড়ি নেই। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, তরুণ-তরুণীরা ফুল দিয়ে নানাভাবে মাথায় খোঁপা বেঁধেছেন। তার সাথে পিছিয়ে নেই শিশুরাও। তারাও তাল মিলিয়ে হাতে মাথায় নানাভাবে ফুল দিয়ে খোঁপা বেঁধেছেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিভিন্ন বিভাগ ও সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। যেখানে রয়েছে গান, নৃত্য, মঞ্চ নাটকসহ আরও কত কী। দেখা যায়, বাণিজ্য অনুষদের আয়োজনে ও ইন্টারন্যাশনাল বিজনেসের তত্বাবধানে বাণিজ্য অনুষদের সামনে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান। কলা ভবনের সামনে আম তলায় ‘প্রাণ মামা ওয়েফারের’ সৌজন্যে খেলাঘর ঢাকা মহানগর আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠানে। এছাড়া কলাভবন মূল গেইটের সামনে, ডাকসু ভবনের সামনে, চারুকলা অনুষদে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে বিভিন্ন সংগঠন।
এছাড়া বৈশাখের এই দিনে অস্থায়ী ব্যবসায়ীরা বসেছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। রাস্তাগুলোও তাদের দখলে। শাহবাগ থেকে শুরু করে টিএসসি, নীলক্ষেত, কার্জন হল পর্যন্ত সড়কের বিভিন্ন অংশজুড়েই বসেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিক্রি করছেন বৈশাখের নানান জিনিস।
এদিকে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠা বাঙালিদের প্রাণের এ উৎসব যোগ দিয়েছেন বিদেশিরাও। বৈশাখ উদযাপনের অন্যতম আকর্ষণস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, বিদেশি নারী ও পুরুষ বাঙালির চিরচেনা ঐতিহ্য শাড়ি ও পাঞ্জাবি পড়ে পহেলা বৈশাখ বরণ করতে এসেছেন। মাথায় মালা পরে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন। পছন্দের মানুষের সাথে ছবি তুলছেন।
কথা হয় অস্ট্রেলীয় এক প্রবাসীর সাথে। তিনি জানান, বাঙালির উৎসবসমূহ খুবই আনন্দদায়ক। তাদের আনন্দের সঙ্গে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। তাই তাদের সঙ্গে পহেলা বৈশাখের এ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি।
এমএইচ/বিএ/আরআই