শ্লীলতাহানি : ৭ দিনের আল্টিমেটাম ছাত্র ইউনিয়নের
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বর্ষবরণ করতে আসা তরুণীদের শ্লীলতাহানিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি প্রশাসনকে সময় বেঁধে দিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
একই সাথে দায়িত্বে অবহেলাকারী কর্তব্যরত পুলিশদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা। আগামী ৭ দিনের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যার্থ হলে পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলেও হুশিয়ারী দিয়েছে এই সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জি এম সিয়াম বলেন, গতকাল (মঙ্গলবার) ৩০-৩৫ জন যুবক প্রকাশ্যে নারীদের যে যৌন হয়রানি করেছে সেটি অত্যন্ত নেক্কারজনক। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও তারা যথাযথ পদক্ষেপ নেয়নি। যা পরিস্থিতিকে আরও নাজুক করে ফেলেছে। এ সময় ছাত্র ইউনিয়নে নেতাকর্মীরা এগিয়ে আসলে সংগঠনের ঢাবি সভাপতি লিটন নন্দী, রমনা থানার সাধারণ সম্পাদক অমিত দেসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ সময় তিনি প্রশাসনের নিরব ভূমিকা ও পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় অবস্থানের কারণে এ ঘটনা ঘটেছে বলেও দাবি করেন।
তিনি আরও বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানালে তারা একে অপরের দায়ভার চাপানোর চেষ্টা করছেন দায়সারা বক্তব্য প্রদানের মাধ্যমে। টিএসসি ও মিলন চত্বরে পুলিশের টহলরত অবস্থানের কাছাকাছি জায়গায় এ ঘটনা ঘটে যেখানে পুলিশের কন্ট্রোল রুম ও সিসি ক্যামেরা ছিল। তা সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নিতে গড়িমসি করে। আমরা এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করছি। যদি ব্যবস্থা না নেয় তাহলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে।
এর আগে প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্র ইউনিয়ন পৃথক পৃথক ব্যানারে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসে। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মধুর ক্যান্টিনে এসে শেষ হয়।
এদিকে বিশ্বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেছেন, পুলিশকে বলা হয়েছে জড়িতদের খুঁজে বের করতে। এ ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। প্রয়োজন হলে আশে-পাশের কয়েকটা থানায় তাদের ফুটেজ দেওয়া হবে।
এ ঘটনার তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে বলেছিলাম, বিকাল ৪ টার মধ্যে উদ্যানের গেইট বন্ধ করে দিতে। কিন্তু সেটা করা হয়নি।
এমএইচ/আরএস/আরআই