জাবিতে যৌন হয়রানি করলো ছাত্রলীগ
পহেলা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা এক আদিবাসি ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে।
এদিকে এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের শহীদ সালাম বরকত হলের ৫ জন ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখ করে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগপত্র জমা দিয়েছে ভুক্তভোগী ছাত্রী।
এদিকে এ ঘটনার পর যৌন হয়রানির শিকার বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ও তার সহপাঠী মিলে পাঁচ জনকে সনাক্ত করতে সম্ভব হন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন।
এরা হলেন, বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নিশাত ইমতিয়াজ বিজয়, রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের নাসিফ ইমতিয়াজ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র রাকিব হাসান, নৃবিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের আব্দুর রহমান ইফতি ও নুরুল কবির।
গত মঙ্গলবার পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষে রাত সাড়ে সাতটার দিকে হলে ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে যৌন হয়রানির শিকার হন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের এক ছাত্রী।
এ বিষয়ে ঘটনার প্রতক্ষ্যদর্শী ওই ছাত্রীর সহপাঠী নাহিদ আহম্মেদ বলেন, আমি আমার বান্ধবীকে হলে পৌঁছে দেয়ার জন্য চৌরঙ্গীর মোড় দিয়ে হেটে যাচ্ছিলাম। এসময় শহীদ সালাম বরকত হলের ৫ জন ছাত্র আমাদের পথ আটকায়। দুজন আমাকে টেনে অন্ধকারে নিয়ে মারধর করতে থাকে। বাকিরা আমার বান্ধবীর ব্যাগ ছিনিয়ে নেয়। তারা ব্যাগে থাকা টাকা এবং মুঠোফোনটি নিয়ে নেয়। আর দু’জন মিলে আমার বান্ধবীর শাড়ি ধরে টান দেয় এবং সম্ভ্রমহানির চেষ্টা করে। এসময় সে চিৎকার করলে লোকজন জড়ো হয় এবং ওরা পালিয়ে যায়।
এ বিষয়ে হয়রানির শিকার ওই ছাত্রী বলেন, বর্তমানে আমি এবং আমার সহপাঠী আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবিলম্বে এই সন্ত্রাসী ছাত্রদের ছাত্রত্ব বাতিলের দাবি জানাই।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্তরা সবাই বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের অনুসারী। শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় বলে জানা গেছে।
এর মধ্যে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নিশাত ইমতিয়াজ বিজয় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য। এর আগে ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের সামনে মূত্র ত্যাগের অভিযোগে তাকে ৩ মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল বলেন, গতকাল (বুধবার) রাতে আমরা বিষয়টি জানতে পেরেছি। ইতোমধ্যে দু’জনকে মেরে এনাম মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়েছে। অতি দ্রুত সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, অভিযোগ হাতে পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলকে অনুরোধ করা হয়েছে।
এমএএস/পিআর