জাবিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি শুরু


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২১ এপ্রিল ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত মেধা তালিকা থেকে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ২৮-২৯ এপ্রিল পর্যন্ত অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ভর্তির জন্য নির্বাচিতদের নাম রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখার নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য শিক্ষার্থীদের পিতা-মাতার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র, সরকারি গেজেটের কপি অথবা মুক্তিবার্তার কপি জমা দিতে হবে। এছাড়া তাদের তিন`শ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দিতে হবে।

অঙ্গীকারনামার নমুনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। অঙ্গীকারনামা ডাইনলোড করে স্ট্যাম্পে প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযোদ্ধার সনদপত্র যাচাই-বাছাইয়ের পর সনদপত্র ভুয়া বা জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে।

এছাড়া ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে স্বাস্থ্য পরীক্ষা সার্টিফিকেট সংগ্রহ করে সংশ্লিষ্ট ইউনিট অফিস থেকে সংগৃহীত ভর্তি ফরম, তথ্য ফরম এবং আইটি ফরম যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে সদ্য তোলা ১০ কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি (প্রত্যয়ন ব্যতীত), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষাসমূহের মূল নম্বরপত্র, সনদপত্র, শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং অভিভাবকের মাসিক আয়ের সনদপত্র জমা দিতে হবে।

এসএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।