অনশনে জাবি’র দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পাশাপাশি এবার আমরণ অনশনে যোগ দিল ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার সকাল ৮টা থেকে ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পরিবেশ বিজ্ঞান ভবনের সামনে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনশনে যোগ দেয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ভবনের (৪ তলা যতটুকু হয়েছে) ৩ তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে দেয়ার সিদ্ধান্ত হয় এবং ১ম,২য় ও ৪র্থ তলা (যতটুকু হয়েছে) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ভূতাত্ত্বিক বিজ্ঞানকে দেয়ার সিদ্ধান্ত হয়।
এ সিদ্ধান্তকে স্বাগত জানায় পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আর এ সিদ্ধান্তের প্রতিবাদে ওইদিন রাত থেকেই ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে দুই বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদে শনিবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ জন শিক্ষক একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে পদত্যাগকারী শিক্ষক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী জাগো নিউজকে বলেন, ভবন বরাদ্দ নিয়ে আগেই জটিলতা ছিল। এখন বিষয়টি আরো জটিলতর হলো।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল এক প্রশাসনিক আদেশের মাধ্যমে ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পরিবেশ বিজ্ঞান ভবনে এর নব নির্মিত তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়। ভবন বরাদ্দ নিয়ে এই তিন বিভাগের মধ্যে অচলাবস্থা সৃষ্টি হয়। এই অচলাবস্থা নিরসনে গত ৭ এপ্রিল সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় পাঁচ সদস্যদের কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল (শুক্রবার) সিন্ডিকেট সভায় ভবনের তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়।
এমএএস/পিআর