ঢাবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৮ মে ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইসিটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে চার সপ্তাহব্যাপী ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা’ শুরু হয়েছে। শুক্রবার কার্জন হল মিলনায়তনে এই প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী দিনে ঢাকা অঞ্চলের প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
 
বড় কিছু অর্জনের লক্ষ্যে বড় বড় স্বপ্ন দেখার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবস্থায়ই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। পরবর্তীতে তার সে স্বপ্ন সফল হয়েছিল।

উপাচার্য এ সময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দক্ষ মানব সম্পদ হিসাবে নিজেদের প্রস্তুত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে অবশ্যই দেশপ্রেমিক, সুনাগরিক ও ভালো মানুষ হতে হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে দেশে বিশ্বমানের প্রযুক্তিবিদ গড়ে তোলার ক্ষেত্রে এই প্রতিযোগিতা কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাব্বির আহমেদ এবং অভিনেত্রী শমী কায়সার বক্তৃতা রাখেন।

উল্লেখ্য, ঢাকার বিভিন্ন স্কুলের ৫০০ শিক্ষার্থী এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৬০ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

এমএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।