নিরাপত্তাকর্মীর ধাক্কাকে ‘হিট অব দ্য মোমেন্ট’ বলছেন ছাত্রদল নেতা আমান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১২ মে ২০২৬
ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানকে ভিড়ের মধ্যে থাকা দেওয়া হয়/ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে ভিড়ের মধ্যে এক নিরাপত্তাকর্মীর দ্বারা গলায় ধাক্কা খেয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। তবে ঘটনাটিকে তিনি ‘হিট অব দ্য মোমেন্ট’ বা তাৎক্ষণিক উত্তেজনা হিসেবেই দেখছেন।

মঙ্গলবার (১২ মে) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক কর্মশালায় যোগ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে হেঁটে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের দিকে রওয়ানা হন। এসময় ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ভিড় করেন। এর মধ্যে আমানউল্লাহ আমানকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) এক সদস্য গলায় ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা।

এই পরিপ্রেক্ষিতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট দিয়েছেন ছাত্রদলের এ নেতা। এতে তিনি উল্লেখ করেন, দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বেশি জরুরি। দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের এই ধরনের পাবলিক প্রোগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হয়।

ধাক্কার ব্যাপারে বলেন, ‘প্রচণ্ড ভিড়ের মধ্যে এরকম অনেক ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে। হয়তো বা কোনো একজনের প্রফেশনালিজমের ঘাটতি থাকতে পারে, কিন্তু আমি নিশ্চিত, যে এসএসএফ সদস্য এটা করেছেন তিনি ইচ্ছেকৃতভাবে করেননি। এটা উপচেপড়া ভিড়ের মধ্যে হিট অব দ্য মোমেন্ট হয়ে গেছে।’

এ ঘটনা নিয়ে যারা চর্চা করছেন তাদের প্রসঙ্গে আমান লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম, এটা নিয়ে আল বটর এবং পতিত ফ্যাসিস্টের দোসররা মজা নিচ্ছে। তোমাদের তো পরচর্চা ছাড়া করার মতো কাজ নাই, আর বলার মতো নিজস্ব কিছু নাই, তাই সর্বদা পরনিন্দায় ব্যস্ত।’

দেশের জন্য তারেক রহমান ও তার পরিবারের নানা অবদানের কথা উল্লেখ করে আমান পোস্টের শেষে বলেন, ‘আমি আমান, তারেক রহমানের পাশে থাকবোই থাকবো, ভ্যানগার্ড হয়ে থাকবো, আমৃত্যু থাকবো, ইনশাআল্লাহ।’

একিউএফ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।