ঢাবিতে সমুদ্র বিজ্ঞান বিষয়ক ওয়ার্কশপ


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১১ মে ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওসেনোগ্রাফির যৌথ উদ্যোগে `বে অব বেঙ্গল ওসেনোগ্রাফি` শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওসেনোগ্রাফির যৌথ উদ্যোগে `বে অব বেঙ্গল ওসেনোগ্রাফি` শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাই-কমিশনার মি. সন্দীপ চক্রবর্তী, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওসেনোগ্রাফির পরিচালক ড. এস ডাবলু নাকভী, ঢাবি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং ঢাবি  সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ।

উপাচার্য ড. আরেফিন সিদ্দিক ভারতীয় বিজ্ঞানীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, আমরা এক ঐতিহাসিক মুহূর্তে এখানে মিলিত হয়েছি, যখন মাত্র চারদিন আগে ভারতের লোকসভায় সর্বসম্মতভাবে (৩৩১-০) দীর্ঘ দিনের প্রতীক্ষিত স্থলসীমান্ত চুক্তি বিল পাশ হয়েছে। এর ফলে আমাদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক নতুন উচ্চতায় স্থান পেয়েছে। বিলটি পাশের জন্য উপাচার্য ভারত সরকার, জনগণ এবং বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জানান।

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী উভয় দেশের সমুদ্র বিজ্ঞানীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমুদ্র সম্পদ আহরণে একযোগে কাজ করে আমাদের সম্পর্ককে আরো সুসংহত ও মজবুত করবে।

বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগকে আরো সমৃদ্ধ করতে ভারতীয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ওসেনোগ্রাফির সঙ্গে একযোগে গবেষণা কাজ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। এ ব্যাপারে উভয় ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা চুক্তি অচিরেই স্বাক্ষরিত হবে বলে তিনি উল্লেখ করেন।

এমএইচ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।