ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ


প্রকাশিত: ১০:৫০ এএম, ১১ মে ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ।

সোমবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের জার্মান বিভাগের প্রভাষক মেরি ক্রেসমার উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে তারা শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

আলোচনাকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী এবং গবেষক বিনিময়ের ব্যাপারে মত বিনিময় করেন। এর মাধ্যমে উভয় দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ে আসার জন্য জার্মান রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে ঢাবি উপাচার্য বলেন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বি-পাক্ষিক বাণিজ্যের সম্প্রসারণে জার্মানিকে বাংলাদেশ সব সময়ই গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে। এ সময় উপাচার্য জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ এ স্থাপিত বঙ্গবন্ধু চেয়ারকে কার্যকর করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

এম এইচ/এসকেডি/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।