৩ বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১১ মে ২০১৫

জাহাঙ্গীরনগর, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার (১২ মে) সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’।

সোমবার বিকেলে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ সংগঠনটির সংগঠক সুজা-উদ-দোলা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বর্ষবরণের দিনে যৌন নিপীড়নের ঘটনার বিচার দাবিতে এবং আন্দোলনকারী শিক্ষর্থীদের ওপর হামলা, গ্রেফতারের প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে সর্বাত্মক ছাত্র ধর্মঘট আহ্বান করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’।

এ সম্পর্কে সংগঠনটির সংগঠক সুজা-উদ-দৌলা বলেন, ঘটনার ২৭ দিন পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বা রাষ্ট্রের কোনো দৃশ্যমান ও কার্যকর ভূমিকা আমরা দেখতে পাইনি। উপরন্তু কেন্দ্র্রীয়ভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরকারের পেটোয়া পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা ও গ্রেফতারের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

তিনি আরো বলেন, হামলায় গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম আবর্তনের শিক্ষার্থী তন্ময় ধর এবং গ্রেফতার হন নৃবিজ্ঞান বিভাগের ৪০তম আবর্তনের শিক্ষার্থী দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল ও বাংলা বিভাগের ৪৩ তম আবর্তনের শিক্ষার্থী আরিফুল ইসলাম অনিক। এমতাবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সর্বাত্মক ছাত্র ধর্মঘটের মত কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছি।

এছাড়া ১২ মে মঙ্গলবার সন্ধ্যায় প্রান্তিক গেইট থেকে মশাল মিছিল এবং ১৩ মে বুধবার রেজিস্টার ভবন ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।