ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে স্মার্ট ক্লাসরুম চালু


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০২ জুন ২০১৫

পঠন-পাঠনকে আরো আধুনিক করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে। মঙ্গলবার ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক, টিকিউআই-২ প্রকল্পের উপ-পরিচালক নিজামুল করিম ও কোর নলেজ লিমিটেডের সিইও মোবাশ্বের মুনাফ মঈন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. সেলিনা বানু স্বাগত বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আধুনিক তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একবিংশ শতাব্দীর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে স্মার্ট ক্লাসরুম চালুর জন্য বেসরকারি সংস্থা কোর নলেজ লিমিটেড কারিগরি সহযোগিতা প্রদান করে। স্মার্ট ক্লাসরুমের আওতায় শিক্ষকগণ শ্রেণীকক্ষে আরও আকর্ষণীয়ভাবে লেকচার উপস্থাপন করতে পারবেন। লেকচার প্রদানের সময় তারা অডিও, ভিডিও এবং অন-লাইন সুবিধাসমূহ ব্যবহার করতে পারবেন।
 
এমএইচ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।