ঢাবি উপাচার্যের সঙ্গে থাই প্রতিনিধিদলের সাক্ষাৎ
থাইল্যান্ডের মহিদুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রাপিন উইলেয়ারেট-এর নেতৃত্বে ২-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছে।
বুধবার উপাচার্যের অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন- সহকারী অধ্যাপক ড. দুয়াংজাই ন্যাকাপ্রিচা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নীলুফার নাহার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং থাইল্যান্ডের মহিদুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া তারা নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সম্পর্কে একে অপরকে অবহিত করেন।
এর আগে, গত ২ জুন ২০১৫ মঙ্গলবার মোকাররম হোসেন খোন্দকার বিজ্ঞান ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্প আয়োজিত ‘মাস স্পেক্ট্রমেট্রি (এলসি-এমএস/এমএস)’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের অধ্যাপক ড. প্রাপিন উইলেয়ারেট। উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. নীলুফার নাহারের সভাপতিত্বে সেমিনারে ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. এম মুহিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব হেলথ সাইন্স-এর উপাচার্য অধ্যাপক লিয়াকত আলী এবং থাইল্যান্ডের মহিদুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. দুয়াংজাই ন্যাকাপ্রিচা বক্তব্য রাখেন।
এমএইচ/এসএইচএস/আরআই