আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাবির গাছ কাটার অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তত ছয়টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা ও স্থানীয় একজনের বিরুদ্ধে। গত ১০ দিনে প্রশাসনকে না জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অক্ট্রয় মোড় থেকে মাজার গেট এলাকা থেকে এ গাছগুলো কেটে নেওয়া হয়।
গাছ কাটার অভিযোগ উঠেছে রাজশাহীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের, ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাচ্চু ও কাজলা এলাকার বাসিন্দা রাব্বানির বিরুদ্ধে। নগরীতে রাব্বানির একটি স’মিল রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পূর্ব পার্শ্বের রাস্তাটি রাবির জমিতে। সেই রাস্তায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গাছ লাগানো ছিল। গত কয়েক দিনের ঝড়ে সেই গাছগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের পার্শ্বের হেলে পড়া চারটি গাছ রাব্বানির স’মিলে রয়েছে। কৃষি প্রকল্প থেকে ওই গাছগুলোর মূল্য ধরা হয়েছে প্রায় দেড় লাখ টাকা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানের পাশের একটি গাছ কেটে নিয়েছে ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক বাচ্চু। বুধবার হেলে পড়া ইউক্যালিপটাস গাছটি কাটার খবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানার পর তারা গাছ কাটা বন্ধ করেন। তবে ওই গাছের কিছু অংশ এরই মধ্যে তারা সরিয়ে ফেলেছেন। পরে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প গাছটি নিয়ে আসার উদ্যোগ নেয়।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানের পাশে একটি গাছ কেটে নেওয়া হয়েছে। তার পাশেই একটি ইউক্যালিপটাসের গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। যার অর্ধেক সেখানে পাওয়া যায়নি। এছাড়া রুয়েটের পাশের রাস্তার চারটি কড়ই গাট কেটে নেওয়া হয়েছে। সেখানে আরো একটি কড়ই গাছ অর্ধেক কেটে খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।
বিষয়টি অস্বীকার করে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের বলেন, আমরা অবৈধভাবে কোনো গাছ কাটিনি। আমার ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাচ্চু একটি ইউক্যালিপ্টাস গাছ সিটি কর্পোরেশনের কাছ থেকে কিনে নিয়েছে। কিনে নেয়া গাছটি বুধবার কাটতে গেলে বিশ্ববিদ্যালয় থেকে বাধা দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের সেকশন অফিসার মো. সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, রুয়েটের পূর্ব পাশের রাস্তায় রাবির জমিতে তিনটি গাছ গত প্রায় ১০দিন আগে স্থানীয়রা কেটে নিয়েছে। গাছগুলোর মূল্য প্রায় দেড় লাখ টাকা। এ বিষয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে একটি ফাইল দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান জাগো নিউজকে বলেন, গাছ কাটার বিষয়গুলো কৃষি প্রকল্প থেকে আমাকে জানানো হয়েছে। কৃষি প্রকল্পের ফাইলটি পাওয়ার পর এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাশেদ রিন্টু/বিএ