১ জুলাই উদযাপিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
আগামী ১ জুলাই বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘উচ্চ শিক্ষা ও টেকসই উন্নয়ন’।
বৃহস্পতিবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা বিশ্বিবদ্যালয় দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘উচ্চ শিক্ষা ও টেকসই উন্নয়ন’।
প্রস্তুতি সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন), কোষাধ্যক্ষ, সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়াম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, অফিস প্রধান ও বিভিন্ন সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সভায় দিবসটি যথাযথভাবে উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনকে আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জমায়েত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন শেষে সকাল ১০টা ৩০ মিনিটে শোভাযাত্রা সহকারে টিএসসিতে গমন করা হবে। সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করবেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচি গ্রহণ করেছে। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় করে কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে হল, বিভাগ ও অন্যান্য অফিস যথারীতি খোলা থাকবে।
এমএইচ/এসএইচএস/আরআইপি