ঢাবি উপাচার্যের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাৎ


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৪ জুন ২০১৫

বিশ্ব ব্যাংক দক্ষিণ-এশিয়া অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা শাখার সিনিয়র ম্যানেজার ড. পুনম পিল্লাই-এর নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার উপাচার্যের অফিসে তারা সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন- বিশ্ব ব্যাংক ও বিশ্ব আবহাওয়া সংস্থার কনসালটেন্ট ড. মনাভা শিবকুমার এবং বিশ্ব ব্যাংকের জলবায়ু বিষয়ক কনসালটেন্ট আরতি বেলে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।  

সাক্ষাৎকালে তারা দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও  খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিজ্ঞান বিষয়ক এমএস কোর্স চালুর সম্ভাব্যতা নিয়ে এসময় আলোচনা করা হয়।

প্রতিনিধি দলের সদস্যরা পরিবেশ বিজ্ঞান ও ভূমিকম্প বিষয়ক শিক্ষার আধুনিকায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার আশ্বাস দেন। এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত প্রণয়নের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়কে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদানে তারা আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব ব্যাংকের মধ্যে পরিসংখ্যান গবেষণা সংক্রান্ত যৌথ সহযোগিতামূলক কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

এমএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।