বিইউপি’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৫ জুন ২০১৫

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি)-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকার মিরপুর সেনানিবাসস্থ বিইউপি ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন। এরপর দোয়া পাঠ শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
 
শোভাযাত্রাটি বিইউপি ক্যাম্পাস থেকে শুরু হয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজ ও এমআইএসটি’র ওসমানী হল প্রদক্ষিণ করে পুনরায় বিইউপি ক্যাম্পাসে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বিইউপি’র উপাচার্য উপস্থিত কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানান।

বিইউপি’র ছাত্র-ছাত্রী ও অতিথি ব্যান্ড দলের শিল্পীবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।