জবিতে ৬ দফা নিয়ে আলোচনা সভা


প্রকাশিত: ১০:৩২ পিএম, ০৭ জুন ২০১৫

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জবি শিক্ষকদের সংগঠন নীলদল আয়োজিত এই আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বাঙালির মুক্তির সনদ হিসেবে বঙ্গবন্ধু ৬ দফা উপস্থাপন করেছিলেন। ছয় দফা বাঙালির বাঁচার দাবিতে পরিণত হয়েছিল। বঙ্গবন্ধু জানতেন, ৬ দফা উত্থাপিত হলে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতে পারে, তবুও তিনি বাঙালিদের স্বাধীনতার প্রতীক ছয় দফা দিতে পিছপা হননি।’

 

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু এক নদী নয়, দেশের চুয়াল্লিশটি নদীর পানির ন্যায্য হিস্যা ভারত থেকে আদায় করবেন। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’

 

অনুষ্ঠানে ‘বাঙালির ম্যাগনা কার্টা বঙ্গবন্ধুর ছয় দফা এবং দেশরত্ম শেখ হাসিনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক মো. আশরাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চলনা করেন নীল দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

 

এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।