তৃতীয় দিনেও তালাবদ্ধ ইবি
চাকরির দাবিতে তৃতীয় দিনেও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রলীগের সাবেক কমিটির চাকরি প্রত্যাশি নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী ঝিনাইদহের বাস গাড়াগঞ্জ ও কুষ্টিয়ার বাস ক্যাম্পাস পার্শ্ববর্তী মধুপুর স্ট্যান্ডে আন্দোলনকারীদের বাঁধার মুখে ক্যাম্পাসে আসতে পারেনি। ফলে বন্ধ রয়েছে সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
প্রতক্ষ্যদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক কমিটির ছাত্রলীগ নেতা আশিকুর রহমান জাপান, তৌহিদুর রহমান হিটলার, মাহমুদ হাসান লেলিন, মিজানুর রহমান টিটু, কালেম মাহমুদ, রাসেল জোয়ার্দার, ইলিয়াস জোয়ার্দার ও স্থানীয় বহিরাগতরা চাকরির দাবিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। এক পর্যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এবং পেছনের গেটে তালা লাগিয়ে দেন।
এদিকে সকাল সাড়ে ৮টায় শিক্ষক শিক্ষার্থীদের বহনকারী ঝিনাইদহের বাস গাড়াগঞ্জে পৌঁছলে এবং কুষ্টিয়ার বাস ক্যাম্পাস পার্শ্ববর্তী মধুপুর স্ট্যান্ড থেকে আন্দোলনকারীদের বাঁধার মুখে ফিরে যেতে বাধ্য হন। চাকরি প্রত্যাশিদের বাঁধার মুখে বিভিন্ন রুটের গাড়ি না আসায় কোনো বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখায় কর্মরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে বিশ্ববিদ্যালয়ের আজ এ অবস্থা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার জাগো নিউজকে বলেন, যারা চাকরির জন্য আন্দোলন করছেন তারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে সচেষ্ট রয়েছেন। আমার মনে হয় তারা আবারও কোনো পক্ষের প্ররোচনায় ক্যম্পাস অস্থিতিশীল করতে আন্দোলনে নেমেছেন।
এমজেড/পিআর