বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ


প্রকাশিত: ১০:১৯ এএম, ২৫ জুন ২০১৫

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিকেল ৫টার মধ্যে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে বুয়েটের রেজিস্টার অধ্যাপক ড. এ কে এম মাসুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়।

সম্প্রতি উপাচার্য, রেজিস্টার ও ছাত্রকল্যাণ পরিচালককে উপাচার্য কার্যালয়ে জিম্মি করা, শিক্ষকদের আবাসিক এলাকায় অবরুদ্ধ করা এবং রাতে একাডেমিক ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করার প্রেক্ষিতে ক্যাম্পাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি ঘটে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জানমালের নিরাপত্তা বিধানের স্বার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বুয়েটের সকল শিক্ষা কার্যক্রম বৃহস্পতিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আবাসিক হলসমূহে অবস্থানরত সকল ছাত্র-ছাত্রীকে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হলো।

উল্লেখ্য, গত ২৩ জুন টার্ম ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের একাংশ (ছাত্রলীগ) উপাচার্য, রেজিস্টার ও ছাত্রকল্যাণ পরিচালককে উপাচার্য কার্যালয়ে জিম্মি করে রাখে এবং  ২৪ জুন শিক্ষকদের আবাসিক এলাকায় অবরুদ্ধ এবং রাতে একাডেমিক ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া, বুধবার রাতে একাডেমিক ভবনে কয়েকটি ককটেল ও পটকা ফোটানো হয়েছে বলেও বুয়েট প্রশাসন সূত্রে জানা গেছে।

এমএইচ/একে/আরআইপি
 
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।