টিউশনির টাকা পরিবারে দেওয়া তানজিনা ব্রেইন টিউমারে আক্রান্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৫ নভেম্বর ২০২১

কিশোরগঞ্জের মেয়ে তানজিনা তানজু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালাতেন। একই সঙ্গে পরিবারকেও ভরণ-পোষণ দিতেন। হঠাৎ জানতে পারেন তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত।

ধীরে ধীরে শারীরিক দুর্বলতা দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় টিউশনিতে যাওয়া। বন্ধ হয় আয়ও। পরিবারের থাকা সামান্য সম্পত্তি বিক্রি করে ব্যয় করা হয়েছে তানজিনার চিকিৎসার জন্য। টাকার অভাবে এখন তার চিকিৎসাও বন্ধ। জীবনটাই যেন নিভু নিভু অবস্থা।

চিকিৎসকরা জানান, তানজিনার এখন অপারেশন প্রয়োজন। এজন্য লাগবে ১০ লাখ টাকা। তবে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তার জন্য সহযোগিতা চেয়েছেন তার স্বজনরা।

এ বিষয়ে তানজিনা বলেন, ‘আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের ছাত্রী। দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত। তবে বিষয়টি জানতাম না। দীর্ঘদিন ধরে দুর্বলতা অনুভব করছিলাম। মাসখানেক আগে চিকিৎসার জন্য গেলে রোগটি নির্ণয় হয়। আগে টিউশনি করে চলতাম। বাড়িতেও কিছু দিয়েছি। কিন্তু এখন টিউশনিতে যেতে পারি না। আমার চিকিৎসার জন্য খরচ করতে গিয়ে পরিবার এখন নিঃস্ব। আমি আবারো ক্যাম্পাসে ফিরে যেতে চাই। তাই বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি।’

এ বিষয় তানজিনার বোন মরিয়ম আঁখি বলেন, গত কয়েকদিন আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন করতে হবে। এজন্য প্রয়োজন ১০ লাখ টাকা। আমার বোনের চিকিৎসার জন্য সাহায্যেরে অনুরোধ জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা স্বর্ণা মজুমদার জাগো নিউজকে বলেন, আমরা এখন পর্যন্ত তানজিনার চিকিৎসার জন্য ১ লাখ ৯৭ হাজার টাকা জোগাড় করতে পেরেছি। তার অপারেশনর জন্য ১০ লাখ টাকা প্রয়োজন। আমরা বাকি টাকা জোগাড়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।